পুবের কলম ওয়েব ডেস্ক: বিধ্বংসী হড়পা বানে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এমন ভয়াবহ বিপর্যয়ের পর রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমালয় পর্বতমালার পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় ভারত ও চিনের যৌথ ভূমিকার উপর জোর দিলেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ।
ভাষণে বলেন্দ্র জানান, প্রাকৃতিক বিপর্যয় কোনও ভৌগোলিক মানচিত্র দেখে আসে না, ধেয়ে আসা বন্যার কোনও পাসপোর্ট থাকে না।

কোনও দায় না থাকা সত্ত্বেও পরিকাঠামো পুনর্গঠনের কাজে নেপালের মতো দরিদ্র দেশকে ঋণের বোঝা বহন করতে হচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বিপদের সময় তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসার জন্য দুই প্রতিবেশী দেশ ভারত ও চিনের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংগঠনকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে এবং হিমালয় অঞ্চলে বসবাসকারী প্রায় ২০০ কোটি মানুষের সুরক্ষায় একটি যৌথ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত, চিন এবং নেপালের নেতৃত্বে অবিলম্বে ‘হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম’ গঠন করা প্রয়োজন। বিপর্যয়ের আগাম সতর্কবার্তা জারি থেকে শুরু করে উদ্ধারকাজ সমস্ত ক্ষেত্রে এই তিন দেশকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।