উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : বিজেপির বুথ সভাপতিকে প্রকাশ্য রাস্তায় মারধর এবং খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়ি। তিনি খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত শুক্রবার জয়নগর থানার খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের নেউতলা এলাকায় বিজেপির ১৯১ নম্বর বুথ সভাপতি তপন মণ্ডলকে মারধর ও খুনের চেষ্টা করা হয় বলেঅভিযোগ।

ঘটনার পর জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তপন মণ্ডল।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে জয়নগর থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে বুধবার রাতে নেউতলা এলাকা থেকেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য সৈয়দ আহমেদ বৈদ্য ওরফে বড়িকে গ্রেফতার করা হয়।এরপর তাঁকে জয়নগর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।তদন্তকারী পুলিশ আধিকারিক ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন।পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার পিছনে রাজনৈতিক বিরোধের পাশাপাশি ব্যক্তিগত কোনও আক্রোশও থাকতে পারে।তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন তদন্তকারীরা।