মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। একই সঙ্গে, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে জ্ঞানেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চেয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্রজেশ সিং।

মহুয়ার অভিযোগ, এসআইআর-এর সময় বিধি পরিবর্তন না করেই ফর্ম ৬-এ নতুন তথ্য চাওয়া হয়েছে। তাঁর আরও দাবি, পশ্চিমবঙ্গের এসআইআর-এ ১৬.১০ লক্ষ নাম অন্তর্ভুক্তির পর সেই নামগুলির বিরুদ্ধে কারা আপিল করেছেন, তা স্পষ্ট নয়। ভোটার তালিকায় ইচ্ছেমতো পরিবর্তনেরও অভিযোগ তুলেছেন তিনি।

যদিও নির্বাচন কমিশনের দাবি, সমস্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই হয়েছে। দুই নির্বাচন কমিশনারের ভিন্ন মত থাকলেও কমিশনের বক্তব্য, সিদ্ধান্ত গ্রহণের সময় মতপার্থক্য থাকা স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।

বুধবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনের ১৪টি সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। তাঁদের অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখেই জ্ঞানেশ কুমার সিদ্ধান্ত নিচ্ছেন।