পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের অন্দরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ নিয়ে নজিরবিহীন মতপার্থক্য ও একতরফা সিদ্ধান্তের অভিযোগ সামনে আসতেই উত্তাল জাতীয় রাজনীতি। ঘটনাকে কেন্দ্র করে সোজা 'ভোট চুরি' ও দেশদ্রোহিতার অভিযোগ তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র ও বিরোধী শিবিরের সংঘাত চরম আকার ধারণ করেছে।
ইংরেজি দৈনিক 'ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর একটি বিস্ফোরক অনুসন্ধানী রিপোর্টে দাবি করা হয়, গত ১০ মাসে অন্তত ১৪ বার নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী। এমনকী একদিনে চারটি আলাদা বিষয়ে আপত্তি নথিভুক্ত করার নজিরও রয়েছে।
রিপোর্টে উল্লেখ করা হয়, দুই নির্বাচন কমিশনারের অজান্তেই SIR সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ ও সার্কুলার জারি করার অভিযোগ। নাম যুক্ত করা ও বাদ দেওয়া (সংযোজন ও বিয়োজন)-র প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব। কমিশনের কেন্দ্রীয় ডিজিটাল নেটওয়ার্ক বা ডেটাবেস ব্যবস্থার একচ্ছত্র নিয়ন্ত্রণ নিয়ে আপত্তি।
প্রতিবেদনটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যম এক্স-এ (X) একটি ভিডিও বার্তা পোস্ট করে নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করেন রাহুল গান্ধী। কমিশনের শীর্ষ আধিকারিকদের উদ্দেশে রাহুল বলেন, "আমি নির্বাচন কমিশন এবং তার আধিকারিকদের স্পষ্ট ভাষায় সতর্ক করছি— আপনারা যা করছেন তা সম্পূর্ণ ভুল। এটি দেশের সাথে প্রতারণা, দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ। সময় যখন আসবে, আমরা আপনাদের জবাবদিহি করাতে বাধ্য করব। আপনারা কিন্তু কোনোভাবেই বাঁচতে পারবেন না।"
ভিডিওর ক্যাপশনে তিনি আরও লেখেন, "ভোট চুরি আসলে আমাদের সংবিধানের ওপর এক সরাসরি আঘাত। বিজেপি, আরএসএস এবং নির্বাচন কমিশন মিলে যা করছে, তা দেশদ্রোহিতার সামিল। ন্যায়বিচার হবেই।" ঘটনার জল গড়ালে কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, "দুই কমিশনার বিরোধিতা করা সত্ত্বেও কীভাবে একটি নির্দেশ কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে জারি হয়?" তিনি অবিলম্বে পুরো SIR প্রক্রিয়াটি সংসদীয় কমিটির মাধ্যমে পর্যালোচনার দাবি জানান।