প্রশ্ন করে ‘প্রকৃত ছাত্র’, আর প্রশ্নকর্তার সমালোচনা করে ‘অন্ধভক্ত’—শনিবার ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শিক্ষা, বেকারত্ব, কর্মসংস্থান, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো নিয়ে কথা বলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাহুল গান্ধী বলেন, শাসনব্যবস্থা ছাত্রদের ভয় পায়, কারণ ছাত্ররা প্রশ্ন করে। তাঁর বক্তব্য, ছাত্ররা জানতে চায় কীভাবে অমিত শাহের ছেলে জয় শাহ ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হলেন, কীভাবে দু’জন ব্যক্তি দেশের বৃহৎ ব্যবসায়িক ক্ষেত্রের এতটা নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলেন এবং কেন বিচারব্যবস্থা ও অন্যান্য প্রতিষ্ঠান নিজেদের দায়িত্ব পালন করতে পারছে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাহুলের কথায়, একজন ছাত্র কৌতূহলী থাকে এবং কোনও বিষয়কে চোখ বন্ধ করে মেনে নেওয়ার বদলে প্রশ্ন করে। অন্যদিকে, ‘অন্ধভক্ত’ প্রশ্ন না করে সবকিছু মেনে নেয়—এমন মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এই কারণেই ‘সিস্টেম’ প্রশ্ন করা ছাত্রদের পরিবর্তে ‘অন্ধভক্ত’দের বেশি পছন্দ করে।

অনুষ্ঠানে দেশের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বেকারত্ব, নিয়োগ পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, ছাত্রাবাস ও বৃত্তি নিয়েও বিভিন্ন ছাত্র তাঁদের সমস্যার কথা তুলে ধরেন। রাহুল গান্ধী বলেন, শিক্ষা থেকে কর্মসংস্থান পর্যন্ত গোটা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।