পুবের কলম ওয়েব ডেস্ক: বিশ্বব্যাপী জলবায়ু সংকটের জন্য অন্যায় ভাবে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলির ঘাড়ে দায় চাপানোর প্রবণতা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 'দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে তিনি তথ্যের ভিত্তিতে স্পষ্ট জানিয়ে দেন, বিশ্বের গড় কার্বন নিঃসরণের তুলনায় ভারতের মাত্রা অনেকটাই কম। তা সত্ত্বেও উন্নত দেশগুলি বারবার উন্নয়নশীল দেশগুলিকে কাঠগড়ায় তোলার চেষ্টা করে।
পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী দেখিয়ে দেন, বিশ্বের সিংহভাগ কার্বন নিঃসরণের জন্য চিন ও আমেরিকার মতো উন্নত ও অর্থনৈতিক ভাবে শক্তিশালী দেশগুলিই মূলত দায়ী। বিশ্বে এই দুই দেশের মোট কার্বন নিঃসরণের পরিমাণ যথাক্রমে ৩৩.৯৮ এবং ১২ শতাংশ এবং তাদের মাথাপিছু নিঃসরণের হার যথাক্রমে ৯.২৪ এবং ১৩.৮৩ টন।

বিপরীতে, বিপুল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও ভারতে মাথাপিছু কার্বন নিঃসরণের হার মাত্র ২.০৭ শতাংশ। গত ১২ বছরে পরিবেশ রক্ষায় ভারত প্রভূত উন্নতি করেছে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌরশক্তি ও হাইড্রোজেন শক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তিতে জোর দিয়েছে।
প্রধানমন্ত্রী আরও মনে করিয়ে দেন, জি-২০ দেশগুলির মধ্যে একমাত্র ভারতই নির্ধারিত সময়সীমা পেরোনোর আগেই প্যারিস জলবায়ু চুক্তির সমস্ত শর্ত সফল ভাবে পূরণ করেছে। শত শত বছর ধরে ভারতের ঐতিহ্যে পরিবেশ সচেতনতা বজায় রয়েছে বলেই আজ দেশ এই সংকট সমাধানের দিশা দেখাতে পারছে। এই পরিস্থিতিতে পরিবেশ বাঁচানোর স্বার্থে একতরফা দোষারোপ বন্ধ করে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ ভাবে পদক্ষেপ করার আহ্বান জানান তিনি।