পুবের কলম ওয়েব ডেস্ক: নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের ঘোষণার পরই বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময়কার একটি খুনের মামলায় শুক্রবার গ্রেফতার করা হল নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরনো ওই খুনের মামলায় তিনি অভিযুক্ত ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া সংলগ্ন এলাকায় যখন তিনি বাড়ি বাড়ি জনসংযোগ ও প্রচার সারছিলেন, ঠিক সেই সময়ই পুলিশ তাঁকে গ্রেফতার করে।
এই গ্রেফতারির ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।

ঘটনার কড়া সমালোচনা করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করা হচ্ছে। তিনি দাবি করেন, কংগ্রেস প্রার্থীকে ভয় পেয়েই এই পদক্ষেপ করা হয়েছে, যা বিজেপির নৈতিক পরাজয়কেই প্রমাণ করে।

অন্যদিকে, এই প্রসঙ্গে মুখ খুলেছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। বিষয়টিকে সম্পূর্ণ প্রশাসনিক পদক্ষেপ বলে আখ্যা দিয়ে তিনি জানান, প্রশাসন প্রয়োজন মনে করলে যে কাউকেই গ্রেফতার করতে পারে। তবে কংগ্রেস প্রার্থীর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নন্দীগ্রামে কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই, তাই মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তাঁদের দলের প্রার্থীকেই সমর্থন জানাতে পারতেন।