পুবের কলম ওয়েব ডেস্ক: চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে বলিউড অভিনেতা রাজপাল যাদবকে বড় অঙ্কের অর্থ জমা দেওয়ার শর্ত দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, কারাদণ্ড থেকে অব্যাহতি পেতে হলে বুধবারের মধ্যে আদালতের রেজিস্ট্রিতে ৫ কোটি টাকা জমা দিতে হবে অভিনেতাকে। এই শর্ত পূরণ হলেই তাঁকে জেলে পাঠানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনার সূত্রপাত ২০১০ সালে।
নিজের পরিচালিত ‘অতা পতা লাপতা’ ছবির জন্য ‘মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড’ নামক একটি সংস্থার কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ছবিটি বক্সঅফিসে ব্যর্থ হওয়ায় তিনি সেই ঋণ পরিশোধ করতে পারেননি। সুদ-সহ বর্তমানে সেই বকেয়া অর্থের পরিমাণ প্রায় ৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। ঋণ মেটানোর জন্য দেওয়া সাতটি চেক বাউন্স হওয়ায় অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই মামলায় দিল্লি হাই কোর্ট তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। সাজা এড়াতে হাই কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা।