পুবের কলম, ওয়েবডেস্ক: কর্নাটক পাবলিক সার্ভিস কমিশন (KPSC)-এর ভেটেরিনারি অফিসার নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম ও আর্থিক অনিয়মের অভিযোগে ২০১৬ ব্যাচের ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ারকে হেফাজতে নিল অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার টানা দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে আটক ও পরে হেফাজতে নেওয়া হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে শুক্রবারও গ্যাংওয়ারকে প্রায় ৯ ঘণ্টা ধরে জেরা করেন সিআইডি টিমের তদন্তকারীরা।
 
জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার বর্তমানে কর্ণাটক শিল্প ও বাণিজ্য বিভাগের এমএসএমই ডিরেক্টর পদে কর্মরত। পশুপালন বিভাগের জন্য ভেটেরিনারি অফিসার নিয়োগের বিতর্কিত পরীক্ষাটি যখন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়ে তিনি কেপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক পদে দায়িত্বে ছিলেন।

বিতর্ক ও অভিযোগের মুখে চলতি বছরের মার্চ মাসে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ব্যপক জালিয়াতি ও অনিয়ম ঘটিয়েছিলেন কমিশনের আধিকারিকরা।
 
প্রাথমিকভবে মামলাটি বেঙ্গালুরুর বিধান সৌধ থানায় দায়ের করা হয়েছিল। তবে ঘটনার গুরুত্ব ও দুর্নীতি ব্যাপ্ত হওয়ায় গত ২৮ জুলাই কেসটি সিআইডির হাতে তুলে দেওয়া হয়। সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র বা নম্বর কারচুপি এবং এই সংক্রান্ত আর্থিক লেনদেনের মূল শিকড় খুঁজে বের করতে গ্যাংওয়ারকে মুখোমুখি বসিয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।