পুবের কলম ওয়েব ডেস্ক: মাত্র ১০ দিন আগে তারাপীঠের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছিল। শনিবার সেখানে প্রশাসনিক বৈঠক শেষে এই প্রসঙ্গে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ওই হোটেলের এক্সিট গেটে তালা দেওয়া ছিল, যা জায়গাটিকে কার্যত জতুগৃহে পরিণত করেছিল। পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনকে অবিলম্বে সমস্ত বেআইনি কাজ বা ‘ব্যাড প্র্যাকটিস’ বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
পুণ্যার্থীদের সুবিধার্থে মুখ্যমন্ত্রী জানান, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জন্য তারাপীঠে কম খরচে থাকার উদ্দেশ্যে একটি বড় মাপের সরকারি টুরিস্ট লজ তৈরি করা হবে। এছাড়া, তারকেশ্বরের ধাঁচে আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠেও পুষ্পবৃষ্টির ব্যবস্থা করা হবে। ওই দিন দর্শনার্থীদের জন্য প্রতি ৫ কিলোমিটার অন্তর পুলিশ ক্যাম্প, বাউল গান, জলছত্র এবং ওআরএস-এর ব্যবস্থা থাকবে। তারাপীঠের উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে ৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে পুজোর আগেই এলাকার সমস্ত রাস্তাঘাট সংস্কার শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর প্রথম বীরভূম সফরে গিয়ে তারা মায়ের পুজো দেওয়ার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিন বীরভূম জেলা পুলিশের কাজের প্রশংসা করে তিনি জানান, এক ব্যক্তির কাছ থেকে ২২০ কোটি টাকা ও ২৫২টি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ প্রমাণ করেছে যে তারা চাইলে সিবিআই বা ইডি-র প্রয়োজন হয় না। পাশাপাশি, তারাপীঠ ডেভলপমেন্ট অথরিটির যাবতীয় দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দেউচা-পাচামি প্রকল্পের কংক্রিট রোডম্যাপ ও রেলের কাজ নিয়ে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ফের বীরভূমে আসবেন বলে জানিয়েছেন।