পুবের কলম ওয়েব ডেস্ক:নেপালে ভয়াবহ হড়পা বানের জেরে মৃত্যু হয়েছে সাড়ে ছ’শোর বেশি মানুষের। কিন্তু এই প্রবল বিপর্যয়ের মাঝেই সামনে এল চরম অমানবিক লুটের ছবি। হড়পা বানে ভেসে আসা একটি ব্যাঙ্কের লকার ভেঙে বিপুল টাকা লুটের অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ভোটেকোশী নদী দিয়ে ভেসে আসা একটি ভারী লকার ধাদিং জেলার ত্রিশূল নদীর ধারে গলসি গ্রামে এসে আটকে যায়।
আরও পড়ুন:
পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা লকারটি ভেঙে টাকা লুট করে নেয়। পরে পুলিশ ও সশস্ত্র বাহিনী ওই গ্রামে অভিযান চালিয়ে ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি টাকা উদ্ধার করে। ধৃত ২৯ জন মূলত গলচি-৪ এলাকার বাসিন্দা। লকারটি কোন ব্যাঙ্কের তা খতিয়ে দেখছে প্রশাসন।
অন্যদিকে, এই বিপর্যয়ের সুযোগ নিয়ে মৃতদেহ থেকে গয়না চুরির মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে নেপালে।
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, নারায়ণী নদীর পাড়ে ভেসে আসা এক মহিলার মৃতদেহ থেকে সোনার কানের দুল ছিঁড়ে নিচ্ছে দুই যুবক। বাঁশ দিয়ে দেহটি পাড়ে টেনে আনার পর মৃতার চুলের মুঠি ধরে নির্দয়ভাবে গয়না খুলে নেয় তারা। এই অমানবিক ভিডিওটি নজরে আসতেই কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। ভিডিও দেখে মদন গুরুং এবং উমেশ চৌধুরী নামের ওই দুই অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।