পুবের কলম ওয়েবডেস্ক, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবার বীরভূম সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। একাধিক সাম্প্রতিক ঘটনায় উত্তপ্ত জেলার পরিস্থিতির মধ্যে তাঁর এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনাগুলির আবহে মুখ্যমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে তারাপীঠের কাছে তারাপুরের মাঠে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন তারাপীঠ মন্দিরে।

সেখানে মা তারার পুজো দেওয়ার পর রামপুরহাটে যাওয়ার কথা রয়েছে তাঁর।
রামপুরহাটে প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। এরপর রামপুরহাটের রক্তকরবী মঞ্চে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। জেলার উন্নয়নমূলক কাজ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হতে পারে।

মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই জোরদার করা হয়েছে প্রশাসনিক প্রস্তুতি।

তাঁর সম্ভাব্য যাতায়াতের রাস্তা পরিষ্কার করার পাশাপাশি তারাপীঠ মন্দির সংলগ্ন শ্মশান চত্বরেও সাফাই চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও ফ্লেক্স।
নিরাপত্তাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারাপীঠ মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজোর সময় পৃথক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।