পুবের কলম ওয়েব ডেস্ক: পার্ক স্ট্রিটের ফুটপাতে স্টোভ জ্বালিয়ে শিশুর জন্য দুধ গরম করা নিয়ে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা এবার নতুন মোড় নিল। মঙ্গলবার দুপুরে সেই মহিলা, যাঁর নাম সীতাদেবী, সল্টলেকের বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবারে’ উপস্থিত হন। কোলে সন্তান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এই সাক্ষাতের পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই মহিলাকে টাকা দিয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলার প্ররোচনা দিয়েছিলেন।

কিন্তু সীতাদেবী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বর্তমান মুখ্যমন্ত্রী এবং বিজেপির উপরই ভরসা রেখেছেন বলে তিনি দাবি করেন। শুভেন্দু অধিকারী সীতাদেবীকে আশ্বাস দেন যে, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য, তাই তাঁর থাকার উপযুক্ত ব্যবস্থা সরকার করে দেবে। পাশাপাশি তিনি বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকারকে নিশানা করে বলেন, গত কয়েক দশকে তারা এই অসহায় মানুষদের কোনও খোঁজ নেয়নি।

এর আগে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র সমালোচনা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই অসহায় পরিবারটি চাইলে তিনি তাঁদের সমস্ত দায়িত্ব নিতে প্রস্তুত।

তাঁর দলের কোনও সহকর্মীর বাড়িতে তাঁদের থাকা, খাওয়া ও বাচ্চার পড়াশোনার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর পাল্টা জবাবে মঙ্গলবার শুভেন্দু কটাক্ষ করে বলেন, ওই মহিলা রাজি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজের বাড়িতেই রাখছেন না কেন।

অন্যদিকে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যাঁর ধমক দেওয়াকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত, তিনিও তাঁর আচরণের ব্যাখ্যা দিয়েছেন। মন্ত্রী স্বীকার করেছেন যে, তাঁর হয়তো চিৎকার করা ঠিক হয়নি, বিষয়টি একটু নরম ভাবে বুঝিয়ে বলা উচিত ছিল। তবে তিনি নিজের আগের অবস্থানে অনড় থেকে ফের স্পষ্ট করে দিয়েছেন যে, ফুটপাত মানুষের হাঁটার জন্য তৈরি হয়েছে, বসবাসের জন্য নয়। শহরের রাস্তাঘাটকে শিল্প-বিনিয়োগের উপযোগী করে তোলার পক্ষেই সওয়াল করেছেন তিনি।