পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা হাইকোর্টে ফের স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার ভবানীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া তিনটি এফআইআর-এর ক্ষেত্রে তাঁকে রক্ষাকবচ দিল আদালত। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, এই তিন মামলায় অভিষেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনও প্রয়োজন নেই।
আরও পড়ুন:
তবে রক্ষাকবচ পেলেও ডায়মন্ড হারবারের সাংসদকে তদন্তে সবরকম সহযোগিতা করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা ডাকলে তাঁকে হাজিরা দিতে হবে, তবে তার জন্য অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তিনি তদন্তে অসহযোগিতা করলে রাজ্য সরকার পুনরায় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে। এছাড়া আদালতের পূর্বানুমতি ছাড়া অভিষেক বিদেশে যেতে পারবেন না বলেও নির্দেশে জানানো হয়েছে।
তবে গত ১০ অগস্ট চোখের চিকিৎসার কারণে সুপ্রিম কোর্ট তাঁকে যে বিদেশযাত্রার ছাড়পত্র দিয়েছিল, হাইকোর্টের এই নির্দেশের ফলে তাতে কোনও বাধা তৈরি হবে না। আগামী ২৩ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানি হবে।আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর অভিষেকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মোট ১৬টি এফআইআর দায়ের হয়েছিল। পুলিশের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মঙ্গলবারের এই নির্দেশের ফলে ওই ১৬টি মামলার মধ্যে মোট আটটিতে আদালতের রক্ষাকবচ পেলেন তিনি।