পুবের কলম ওয়েব ডেস্ক: দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সতীশ মুখার্জি রোডে একটি বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়ায়। কলকাতা পুরসভার তরফ থেকে ওই নির্মাণটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল, যা ওয়াকফ সম্পত্তির ওপর গড়ে উঠেছিল, এবং তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস বলে চিহ্নিত করা হয়। পৌরসভার তরফে এদিন ছুটির দিনে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে ওই ঘিঞ্জি এলাকায় জবরদখল হঠাতে গেলে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
পরিস্থিতি দেখে অনিতা দাস নামে এক মহিলা, যিনি ওই সম্পত্তির মালিকানা দাবি করেছেন, তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও জরুরি ভিত্তিতে বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার বিশেষ শুনানি হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত কলকাতা পুরসভার এই নির্দেশ কার্যকর করার ওপর আগামী ৩০ দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছে।আরও পড়ুন:
আদালতের তরফে মামলাকারীকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ওই বাড়ির সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে পুরসভার বিল্ডিং ট্রাইব্যুনালে আবেদন জানাতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে তিনি বাড়ির সপক্ষে সঠিক প্রমাণ দেখাতে না পারেন, তবে পুরসভা ফের কড়া আইনি পদক্ষেপ নিতে পারবে।