উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাওয়াকে কেন্দ্র করে এবার তীব্র উত্তেজনা ছড়াল গোসাবা ব্লকের বালি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে ওঠা অভিযোগের জেরে পঞ্চায়েত আধিকারিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে পঞ্চায়েতের তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে গোসাবা থানার পুলিশ ইতিমধ্যে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা বন্টন এবং তা পাওয়ার প্রক্রিয়া নিয়ে বালি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে আচমকাই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে যে, স্থানীয় কয়েকজন বিজেপি নেতার নেতৃত্বে বেশ কিছু মহিলা পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

সেই সময় কর্তব্যরত এক পঞ্চায়েত আধিকারিকের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে বলে জানা গেছে।

অভিযোগ, সেই বচসার এক পর্যায়ে ওই পঞ্চায়েত আধিকারিককে শারীরিকভাবে নিগ্রহ ও মারধর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পঞ্চায়েতের তরফে গোসাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গোসাবা থানার পুলিশ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির তরফে অবশ্য তাদের কর্মীদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও স্বাভাবিক বিক্ষোভকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও তদন্ত সাপেক্ষে দেখা হচ্ছে।