পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের লাতুর জেলায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ, শিক্ষকদের হুমকি প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দিপকেসহ একাধিক কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আউসা থানার পুলিশ সূত্রে জানা গেছে, জিলা পরিষদ উর্দু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ শামশাদবানো খায়রাতালি (৫৩)-র লিখিত অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু করা হয়েছে। মুম্বাই থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে আউসার কাছে জাওয়ালি এলাকার জিলা পরিষদ উর্দু স্কুলে ঘটনাটি ঘটেছে।
 
ককরোচ জনতা পার্টির তরফে অঞ্চলজুড়ে সরকারি স্কুলের পরিকাঠামোগত ত্রুটি তুলে ধরতে 'স্কুল ঠিক করো' নামে একটি অভিযান চালানো হচ্ছিল।

সেই প্রচারসূচির অংশ হিসেবেই অভিজিৎ দিপকে লাতুর জেলার বিভিন্ন স্কুলে সফর করছিলেন। দায়ের করা এফআইআর অনুযায়ী, সিজেপি প্রতিষ্ঠাতাসহ তাঁর সহযোগীরা কোনো পূর্ব অনুমতি ছাড়াই স্কুলে প্রবেশ করেন, ক্লাসরুমে গিয়ে শিক্ষার্থীদের মাঝে বসে পড়েন এবং তাদের নানান প্রশ্ন করতে শুরু করেন। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক কাজ ব্যাহত হয়। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ড করে পরবর্তীতে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়।

 
অভিযোগকারী শিক্ষিকা জানান, অন্য স্কুলের শিক্ষার্থীদের এনে বসিয়ে রেখে ক্লাস চালানো হচ্ছে—এমন ভিত্তিহীন দাবি করে দিপকে ওই বিদ্যালয়টির মানহানি করেছেন। পাশাপাশি উপস্থিত শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয়। শিক্ষকের অভিযোগের ভিত্তিতে আউসা থানা পুলিশ অভিজিৎ দিপকে, দলের কর্মী অজিঙ্ক শিন্ডে এবং অন্যান্য সিজেপি কর্মীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।