ক্যারিয়ারের সম্ভাব্য শেষ মৌসুমের শুরুতেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-রিয়াদের বিরুদ্ধে আল-নাসরের ৪-০ গোলের জয়ে দলের হয়ে একটি গোল করে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার অনন্য কীর্তি গড়লেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এই রেকর্ডের মালিক হলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো ইঙ্গিত দিয়েছিলেন, চলতি মৌসুমই হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ মৌসুম। সেই সম্ভাব্য শেষ অধ্যায়ের শুরুতেই নিজের নাম লিখিয়ে ফেললেন ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ডের পাতায়।


 আল-রিয়াদের বিপক্ষে ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন রোনালদো। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে আবদুল্লাহ আল-হামদানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। এরপর মাত্র ২১ মিনিটের মধ্যেই নতুন মৌসুমে নিজের প্রথম গোলটি করে ফেলেন সিআর সেভেন। ৮৩ মিনিটে আইমান ইয়াহিয়ার পাস নিয়ন্ত্রণ করে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন তিনি।
 এই গোলের মাধ্যমে সুইডেনের তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে পেছনে ফেলে দিলেন রোনালদো।
ইব্রাহিমোভিচ ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪টি মৌসুমে গোল করেছিলেন। রোনালদোর নতুন রেকর্ড সেই ধারাবাহিকতাকেও ছাপিয়ে গেল।
রোনালদোর এই কীর্তির বিশেষত্ব আরও বেশি, কারণ চারটি দেশের পাঁচটি ক্লাবের হয়ে খেলেই এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। স্পোর্টিং দিয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করার পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে নিয়মিত গোল করেছেন। পরে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এবং ২০২২-২৩ মৌসুমের মাঝপথে সৌদি আরবে আল-নাসরে যোগ দেওয়ার পরও গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন।
আল-রিয়াদের বিরুদ্ধে করা গোলটি রোনালদোর অফিসিয়াল সিনিয়র ক্যারিয়ারের ৯৭৭তম গোল। অর্থাৎ বহুল প্রতীক্ষিত ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে রয়েছেন ৪০ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।