পুবের কলম ওয়েব ডেস্ক: যুক্তরাজ্যে ফেরার পরিকল্পনার মাঝেই বড়সড় আইনি ও আর্থিক ধাক্কার মুখে পড়লেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ সংবাদপত্র 'ডেইলি মেইল'-এর প্রকাশক সংস্থা অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে দায়ের করা বেআইনিভাবে তথ্য সংগ্রহ ও গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হেরে গিয়েছেন হ্যারি-সহ সাত জন। এর ফলে তাঁদের বিশাল অঙ্কের আইনি খরচ মেটাতে হবে, যা সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লক্ষ পাউন্ড পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন:
শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্ট এই মামলায় আইনি ব্যয় নিয়ে এক বিরল নির্দেশ দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী শুক্রবারের মধ্যে প্রিন্স হ্যারি, গায়ক এলটন জন, অভিনেত্রী লিজ হার্লি-সহ সাত জন বাদীকে প্রাথমিকভাবে ৯৫ লক্ষ ৪০ হাজার পাউন্ড আইনি খরচ হিসেবে প্রকাশনা সংস্থাটিকে মেটাতে হবে। মামলাকারী বাকিরা হলেন এলটন জনের স্বামী ডেভিড ফার্নিশ, রাজনীতিক সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট। এএনএল দাবি করেছে, নিজেদের পক্ষে মামলা লড়তে তাদের প্রায় ৩ কোটি ৪৫ লক্ষ পাউন্ড খরচ হয়েছে। ফলে বিমার নির্দিষ্ট অঙ্কের বাইরেও হ্যারিদের পকেট থেকে আরও কোটি কোটি টাকা খসার সম্ভাবনা তৈরি হয়েছে।আরও পড়ুন:
মামলার রায়ে হাইকোর্টের বিচারপতি নিকলিন বাদীদের কড়া সমালোচনা করেছেন। তিনি জানান, পর্যাপ্ত প্রমাণ না থাকা সত্ত্বেও অভিযোগগুলি প্রত্যাহার না করে তা ঝুলিয়ে রাখার সিদ্ধান্তটি চরম অযৌক্তিক ছিল। বিচারপতির মতে, এই ধরনের ভিত্তিহীন অভিযোগ নিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া কোনওভাবেই যথাযথ পদ্ধতি হতে পারে না। আদালত জানিয়েছে, প্রিন্স হ্যারি এবং অন্যান্য বাদীরা আগামী ২ অক্টোবর পর্যন্ত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।