পুবের কলম ওয়েবডেস্ক, আয়ারল্যান্ডে প্রায় ২০০ বছরের পুরনো একটি দুর্গ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানকে সঙ্গে নিয়ে তিনি কাউন্টি ওয়াটারফোর্ডের স্ট্র্যানক্যালি দুর্গ কিনেছেন। দুর্গটির সঙ্গে রয়েছে প্রায় ৪৪০ একর জমি।

কয়েক সপ্তাহ আগে গোপন চুক্তির মাধ্যমে কেনাবেচা সম্পন্ন হলেও কত টাকায় সম্পত্তিটি কেনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

তবে দ্য আইরিশ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গ ও জমির দাম প্রায় ২ কোটি থেকে ৩ কোটি ইউরো হতে পারে।

১৬ হাজার বর্গফুটের গথিক স্থাপত্যের এই দুর্গটি ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত। দক্ষিণ আয়ারল্যান্ডের ইওগাল শহর থেকে গাড়িতে প্রায় ৩০ মিনিট লাগে সেখানে পৌঁছতে। দুর্গটি তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় ১৮৩০ সালের দিকে।

তৎকালীন টোরি দলের সংসদ সদস্য জন কেইলির জন্য এটি নির্মাণ করা হয়েছিল। স্থপতি ছিলেন দুই ভাই জেমস পেইন ও জর্জ রিচার্ড পেইন। গত ২০ বছর ধরে দুর্গটির সংস্কার করা হয়েছে।

গত ২৫ বছর দুর্গটির মালিক ছিলেন বিনিয়োগকারী মাইকেল ও জিয়ানকার্লা অ্যালেন বাকলি।

নতুন মালিক জুকারবার্গ ও তাঁর পরিবার দুর্গ এবং আশপাশের জমিতে আরও বিনিয়োগ করবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রেই থাকবেন জুকারবার্গ ও চ্যান। তবে আয়ারল্যান্ডে গেলে এই দুর্গ তাঁদের থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হবে।

আয়ারল্যান্ডে মেটার ইউরোপীয় সদর দপ্তর রয়েছে ডাবলিনে। ২০০৯ সাল থেকে সেখানে মেটার কার্যক্রম চলছে এবং প্রায় ১,৫০০ কর্মী কাজ করেন। দেশটিতে সম্পত্তি কেনার বিষয়ে জুকারবার্গের আগ্রহের খবর গত বছর প্রকাশ্যে আসে।