পুবের কলম, ওয়েবডেস্ক: সাইবার অপরাধ দমন এবং জালিয়াতি রুখতে সিম কার্ডের সংযোগ নীতিতে আরও কড়াকড়ি আনল কেন্দ্রীয় টেলিকম বিভাগ (DoT)। এখন থেকে একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগের যে সীমা নির্ধারিত রয়েছে, তা পার করলে নতুন কোনো সিম কার্ড ইস্যু না করার জন্য সমস্ত টেলিকম অপারেটরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকম বিভাগের এক অফিশিয়াল সার্কুলারে জানানো হয়েছে, নির্ধারিত সীমা অতিক্রমকারী গ্রাহকদের চিহ্নিত করতে এবং তাঁদের নতুন সিম প্রদান বন্ধ করতে আগামী ২৪ আগস্ট থেকে টেলিকম অপারেটরগুলোকে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গড়ে তুলতে হবে।
টেলিকম অপারেটরগুলোর আপলোড করা গ্রাহক তথ্যের ওপর ভিত্তি করে একটি বিশেষ ‘ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম’ তৈরি করেছে টেলিকম বিভাগ।
টেলিকম বিভাগ আরও স্পষ্ট করে জানিয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি কার্যকর হওয়ার আগ পর্যন্ত, অতিরিক্ত সিম কার্ড চালুর বিষয়টি ধরা পড়লে সাথে সাথেই পদক্ষেপ নেওয়া হবে। গ্রাহক আবেদনপত্রের নিয়মাবলী অনুযায়ী, অনুমোদিত সীমার বাইরে একদিনের জন্য কোনো মোবাইল সিম সক্রিয় হলেও সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেই নতুন সংযোগটি অবিলম্বে স্থগিত করা হবে।