পথকুকুরের নির্বীজকরণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে অভিনব প্রতিবাদ করলেন মধ্যপ্রদেশের খান্ডোয়ার এক ব্যক্তি। কুকুরের মুখোশ পরে সটান কালেক্টরেট অফিসে হাজির হন তিনি। মঙ্গলবার অভিযোগ শুনানির সময় তাঁকে ওই অবস্থায় অফিসে ঢুকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
খান্ডোয়া পুরসভার উদ্যোগে শহরের পথকুকুরের নির্বীজকরণ অভিযান শুরু হয়েছে।
এই প্রকল্পের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হলেও বাস্তবে তেমন কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, কাগজে-কলমে প্রকল্পের কাজ এগোলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।আরও পড়ুন:
এই অভিযোগ নিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করতেই অভিনব প্রতিবাদের পথ বেছে নেন ওই ব্যক্তি। পুরসভার বিরোধী দলনেতা দীপক রাঠোরের সঙ্গে তিনি কালেক্টরেট অফিসে পৌঁছন। কুকুরের মুখোশ পরে থাকা ওই ব্যক্তি কোনও কথা বলেননি।
দীপক রাঠোর যা বলছিলেন, তার সঙ্গে শুধু মাথা নেড়ে সম্মতি জানান। পাশাপাশি অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকল্পের দুর্নীতি নিয়ে নিজের প্রতিবাদ জানান তিনি।আরও পড়ুন:
মঙ্গলবার খান্ডোয়া কালেক্টরেট অফিসে সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য বিশেষ শুনানির আয়োজন করা হয়েছিল। সেই সময়ই কুকুরের মুখোশ পরা ব্যক্তিকে নিয়ে সেখানে পৌঁছন দীপক রাঠোর। তাঁর অভিযোগ, পথকুকুরের নির্বীজকরণ প্রকল্পে লাখ লাখ টাকার অনিয়ম হচ্ছে।
প্রকল্পের বরাদ্দ অর্থ কীভাবে খরচ করা হচ্ছে, তা নিয়ে তদন্তেরও দাবি জানান তিনি।আরও পড়ুন:
ঘটনার সময় কালেক্টরেট অফিসের কর্মীদের অনেকেই ওই ব্যক্তির ছবি ও ভিডিয়ো তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে অভিনব প্রতিবাদের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরও পড়ুন:
অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। অ্যাডিশনাল কালেক্টর কাশীরাম বাদোলে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে কোনও ধরনের দুর্নীতি বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।