পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী মাসেই আদানি আরোগ্য নিকেতনের শিলান্যাস করতে পারেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। কলকাতার নিউ টাউনে আদানি শিল্প গোষ্ঠী যে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চলেছে ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সচিবালয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা পড়েছে। নিউটাউনে ওই জমির আয়তন ৫১.৭৫ একর।
আদানি আরোগ্য নিকতনের প্রকল্পটিতে মূলধন খাতে বিনিয়োগ ধরা হয়েছে ১,২০০ কোটি টাকা। নির্মাণ পর্বে সম্ভাব্য অর্থনৈতিক উৎপাদনের মূল্যায়ন করা হয়েছে আরও ১,৮০০ কোটি টাকা। রিপোর্টের হিসাব অনুযায়ী, হাসপাতাল ও তার সঙ্গে তৈরি হওয়া স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, শিক্ষা ও গবেষণা, চিকিৎসা-ভ্রমণ এবং রাজস্ব বৃদ্ধির মিলিত বার্ষিক আর্থিক সুবিধা তথা মানিটাইজড বেনিফিট হতে পারে প্রায় ৪,০৮৫ কোটি টাকা।
প্রকল্পের মূল্যায়নে সম্ভাব্য বার্ষিক সুবিধাগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আদানি গোষ্ঠীর প্রস্তাব হল, তারা ১০০০ শয্যার হাসপাতাল তৈরি করবে। এর মধ্যে ৫০০ বেডে রাজ্য সরকার বিনামূল্যে পরিষেবা দিতে পারবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবশ্য আদানি গোষ্ঠীর চেয়ারম্যানকে প্রস্তাব দিয়েছেন, বেড সংখ্যা বাড়িয়ে ২ হাজার করা হোক। তবে ১ হাজার বেডের হাসপাতাল হলেও স্বাস্থ্য পরিষেবা ও রোগী কল্যাণ ৮১৭ কোটি টাকার সুবিধা পেতে পারে রাজ্য।
এত বড় একটি চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠলে বছরে যে কর্মসংস্থান হবে এবং কর্মীদের যে আয় বা রোজগার হবে তার সামগ্রিক মূল্য দাঁড়াতে পারে ৫৬০ কোটি টাকা। চিকিৎসা শিক্ষা ও গবেষণা খাতে বার্ষিক ৩২২ কোটি টাকার আর্থিক সুবিধা পেতে পারে রাজ্য।
কলকাতা এমনিতেই ক্রমশ মেডিকেল ট্যুরিজমের হাব হয়ে উঠছে। আমেরিকার মেয়ো ক্লিনিকের থেকে প্রযুক্তিগত ও চিকিৎসার সাহায্য নিয়ে কলকাতায় এত বড় চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠলে মেডিকেল ট্যুরিজম গতি পেতে পারে। তাতেও ১,১৫৬ কোটি টাকার আর্থিক সুবিধা রাজ্য পেতে পারে।