পুবের কলম ওয়েব ডেস্ক: যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর তরুণ প্রজন্ম বা জেন জি-র মন পেতে তৎপর হয়েছে মোদি সরকার। পড়ুয়াদের ক্ষোভ ও সমস্যা সরাসরি শুনতে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘এক দিন, এক বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন। শিক্ষার উন্নতি ও বেকারত্ব দূরীকরণে সরকার কী কী পদক্ষেপ করেছে, তা পড়ুয়াদের সামনে তুলে ধরার পাশাপাশি যুবসমাজের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন তাঁরা। সব প্রান্তের পড়ুয়াদের মধ্যে কোনও ক্ষোভ রয়েছে কি না, মূলত সেটাই জেনে নিতে চাইছে কেন্দ্র।

এই কর্মসূচির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী এবং যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কোন মন্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ে যাবেন, সেই রূপরেখা তাঁরাই স্থির করবেন।

অন্যদিকে, পড়ুয়াদের মন জয় করতে আগেই ময়দানে নেমেছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে দেশের বিভিন্ন শহরে আগেই শুরু হয়েছে ‘ছাত্রো কি গুঞ্জ’ নামের অনুষ্ঠান। আগামী দিনে দেশের ছোট-বড় ৮০০টি শহরে এই কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে হাত শিবিরের। বিরোধীদের এই প্রচারের মাঝেই সরকারি স্তরে ছাত্রছাত্রীদের কাছাকাছি পৌঁছতে মোদি সরকারের এই নয়া উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।