পুবের কলম, ওয়েবডেস্ক: নিত্যদিনের মতো মঙ্গলবার দুপুরেও বিদ্যালয়ে মিড-ডে মিল খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল খুদে শিক্ষার্থীরা। কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাথা ঘোরা ও বমি শুরু হয় একের পর এক ছাত্রীর। বিহারের নালন্দা জেলায় এক মর্মান্তিক ও আশ্চর্যজনক ঘটনায় অন্তত ৩৬ জন ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। রাঁধুনির চরম গাফিলতিতে লবণের বদলে ভুলবশত ডিটারজেন্ট পাউডার (গুঁড়ো সাবান) মিশিয়ে দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে নালন্দা জেলার নূরসরাই থানা এলাকার পরসী মিডল স্কুলে।

 

অসুস্থ ছাত্রীদের দ্রুত উদ্ধার করে বিহারশরীফ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে সমস্ত শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র কুমার সিং জানান, নির্ধারিত মেনু অনুযায়ী মঙ্গলবার একটি এনজিও-র পক্ষ থেকে সয়াবিন ভাত সরবরাহ করা হয়েছিল। খাবার দেওয়ার পর কিছু শিক্ষার্থী অভিযোগ করে যে রান্নায় কোনো লবণ নেই। 

স্থানীয় অধিবাসীদের দাবি, বিদ্যালয়ের রান্নাঘরে লবণ এবং ডিটারজেন্ট পাউডারের পাত্র দুটি একসঙ্গেই রাখা ছিল।

রান্না করা খাবারে লবণ কম থাকায় রাঁধুনি ভুলবশত গুঁড়ো সাবানকে লবণ ভেবে খাবারের সাথে মিশিয়ে দেন। এই খাবার খাওয়ার পরপরই ছাত্রীদের মধ্যে মাথা ঘোরা, পেটে অস্বস্তি এবং বমির উপসর্গ দেখা দিতে শুরু করে। প্রথমে স্কুলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
 
বিহারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমারও হাসপাতালে পৌঁছে অসুস্থ শিশুদের দেখতে যান এবং চিকিৎসকদের সঙ্গে তাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, মিড-ডে মিল তৈরি ও পরিবেশনের ক্ষেত্রে ঠিক কীভাবে এবং কার গাফিলতিতে এমন মারাত্মক ভুল ঘটল, তা খতিয়ে দেখতে একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।