বিহারের লখিসরাইয়ের অশোকধাম শিবমন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত সাত জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। সোমবার শ্রাবণ মাসের পুজো দিতে মন্দিরে ভিড় করেছিলেন বহু মানুষ। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের লখিসরাই হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মন্দির চত্বরে একটি বিদ্যুতের তার বা খুঁটি পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অতিরিক্ত ভিড়ের মধ্যে একে অপরকে টপকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পড়ে এবং পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে।

লখিসরাইয়ের জেলাশাসক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে কাছের স্টেশনে পৌঁছনোয় মন্দির চত্বরে ভিড় আরও বেড়ে যায়।

তাঁর কাছে সাত জনের মৃত্যুর খবর রয়েছে। তবে বিদ্যুৎ সংক্রান্ত ঘটনাই দুর্ঘটনার মূল কারণ কি না, তা তদন্তের পর স্পষ্ট হবে।

প্রশাসনের পক্ষ থেকে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল বলে জানানো হয়েছে। কিন্তু হুড়োহুড়ির সময় একটি ব্যারিকেড ভেঙে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উদ্ধারকারীরা দ্রুত বেশ কয়েকজনকে বের করে আনলেও অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে সময়মতো সরানো সম্ভব হয়নি।