পুবের কলম ওয়েব ডেস্ক: রবিবার সকালে বারাণসী বিমানবন্দরে আচমকা গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ নিরাপত্তা পরীক্ষার সময় এক যাত্রীর বন্দুক থেকে আচমকা গুলি চললে এক শিশু, এক মহিলা এবং দুই নিরাপত্তাকর্মী-সহ মোট চারজন আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তাঁদের সকলের অবস্থা বর্তমানে স্থিতিশীল।
আরও পড়ুন:
জানা গিয়েছে, আজমগড়ের এক বাসিন্দা স্ত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে মুম্বই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
নিয়ম অনুযায়ী চেকিংয়ের সময় তিনি তাঁর কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথা নিরাপত্তারক্ষীদের জানান। বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা জানিয়েছেন, বন্দুকের নথিপত্র পরীক্ষার সময় ভুলবশত এই গুলি চলার ঘটনাটি ঘটে। গুলিতে এক মহিলা নিরাপত্তাকর্মীর উরুতে এবং এক পুরুষ কর্মীর হাতে আঘাত লাগে। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কড়া নিরাপত্তার ঘেরাটোপে থাকা বিমানবন্দরে এমন মারাত্মক অসতর্কতায় সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে স্বভাবতই বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।