পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের পর এবার মধ্যপ্রদেশেও দ্রুত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি কার্যকর হতে চলেছে। শনিবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। কংগ্রেসের প্রবল বিরোধিতা সত্ত্বেও গত ২১ জুলাই মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে এই বিলটি পাশ করিয়ে নিয়েছে বিজেপি সরকার। এবার শুধু আনুষ্ঠানিকভাবে তা কার্যকর হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভগবান শ্রীরাম ও শ্রীকৃষ্ণের সাম্যের আদর্শকে সামনে রেখেই রাজ্যে সকলের জন্য একই আইন চালু করা হবে। বিধানসভায় পাশ হওয়া এই বিলে 'তিন তালাক' এবং 'বহুবিবাহ' সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি সব ধর্মের মানুষের জন্য বিবাহ ও বিচ্ছেদ সংক্রান্ত অভিন্ন আইন চালু হতে চলেছে। এছাড়া 'লিভ-ইন' সম্পর্কের ক্ষেত্রেও এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করার কড়া নিয়ম আনা হয়েছে এই বিলে।
আরও পড়ুন:
কংগ্রেস প্রথম থেকেই এই বিলটিকে আদিবাসী-বিরোধী বলে অভিযোগ তুলে সরব হয়েছে। তবে সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সংবিধানের ৩৪২ ও ৩৬৬ নম্বর অনুচ্ছেদের আওতাভুক্ত তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষদের ক্ষেত্রে এই নয়া আইন প্রযোজ্য হবে না। দেশে ভিন্ন ধর্মের জন্য ভিন্ন আইনের বদলে সকলের জন্য একই বিচার ব্যবস্থা সুনিশ্চিত করতেই বিজেপি দীর্ঘদিন ধরে এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে সওয়াল করে আসছে। সেই লক্ষ্যেই এবার জোরকদমে এগোল মধ্যপ্রদেশ সরকার।