পুবের কলম ওয়েবডেস্ক, ছাত্র আন্দোলনের ময়দানে পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত দিল ককরোচ জনতা পার্টি। বুধবার দিল্লিতে সংগঠনটির স্বেচ্ছাসেবকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান যে, জন্তর মন্তরে তাদের প্রতিবাদের দ্বিতীয় পর্যায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে বারবার প্রশ্ন করা হচ্ছিল, জন্তর মন্তর প্রোটেস্টের সিজন ২ কবে থেকে শুরু হবে?

সেই প্রশ্নের উত্তরে বুধবার দিপকে বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর কথায়, জন্তর মন্তর সিজন ২ খুব দ্রুতই শুরু হবে। তবে আন্দোলনের প্রস্তুতির মাঝেই দিল্লিতে সংগঠনের বৈঠকের জন্য হল ভাড়া পাওয়া নিয়ে বড়সড় সমস্যার অভিযোগ তুলেছেন তিনি।

দিপকের দাবি, অনেক জায়গায় যোগাযোগ করেও তারা হল ভাড়া নিতে ব্যর্থ হয়েছেন।

শেষ পর্যন্ত একটি হল ঠিক হলেও বুধবার বৈঠকের দিন সকালে হল মালিকদের হুমকি দেওয়া হয়। তাঁর অভিযোগ, সিজেপির বৈঠক করতে দিলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছিল। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে দিপকের অভিযোগ, যুবসমাজের প্রতিবাদকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে চাপ তৈরি করা হচ্ছে। তাঁর স্পষ্ট বার্তা, এমন ভয় দেখিয়ে ককরোচ জনতা পার্টিকে আন্দোলন থেকে সরানো সম্ভব নয়।

উল্লেখ্য, এর আগে নিট-সংক্রান্ত অনিয়মের অভিযোগে জন্তর মন্তরে সিজেপির নেতৃত্বে দীর্ঘ ছাত্র আন্দোলন হয়েছিল। এবার সেই আন্দোলনের দ্বিতীয় পর্বের ঘোষণায় রাজধানীর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।