পুবের কলম ওয়েব ডেস্ক: ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধিদল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করল। মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁরা স্পিকারের দ্বারস্থ হয়েছেন। প্রথমত, যে সমস্ত সাংসদরা দল ছেড়েছেন, তাঁদের সদস্যপদ খারিজের আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত, লোকসভার অধিবেশনে কেন তৃণমূল সাংসদদের পিছনের সারিতে বসতে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, তৃণমূল সাংসদদের অভিযোগ শোনার পর স্পিকার আসন বিন্যাসের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

যেহেতু চলতি অধিবেশন প্রায় শেষের পথে, তাই আগামী অধিবেশনে এই বসার জায়গার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। তবে দলত্যাগী সাংসদদের পদ খারিজের আবেদনের বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি বলেই জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনে রাজ্যে তৃণমূলের হারের পর থেকেই দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিদ্রোহী হয়ে ওঠেন জনপ্রতিনিধিদের একাংশ। দল ছেড়ে ২০ জন সাংসদ 'ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া' বা এনসিপিআই-তে যোগ দেন। তাঁরা বর্তমানে কেন্দ্রের বিজেপি সরকারকে সমর্থন করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করেছেন।
এই দলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের একসময়ের ঘনিষ্ঠ অনেকেও রয়েছেন।

যেহেতু এই সাংসদরা তৃণমূলের প্রতীকে নির্বাচনে জিতে অন্য দলে যোগ দিয়েছেন, তাই দলত্যাগ বিরোধী আইনে তাঁদের সদস্যপদ খারিজ করার আবেদন জানানো হয়েছে। মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে স্পিকারকে আগেই চিঠি দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত সেই আবেদনের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই কারণেই এদিন অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদরা স্পিকারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি পেশ করলেন।