পুবের কলম ওয়েবডেস্ক, সম্প্রতি সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাঘাযতীন স্টেশন সংলগ্ন পূর্ব রাজপুর অঞ্চলে অনুষ্ঠিত হল বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির অন্তর্ভুক্ত পত্রিকা ‘বঙ্গ বাঙালি সাহিত্য পর্ষদ’-এর বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকার সম্পাদক ও কবি কিশোর নস্কর।
গত তিন বছর ধরে পূর্ব রাজপুর অঞ্চলে নিয়মিত এই বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। সাহিত্য আলোচনা ও কবিতা চর্চার পাশাপাশি এলাকার কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

এবারের আয়োজনে ছিল বসে আঁকা প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান এবং শ্রুতিনাটকের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি এলাকার মহিলাদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীও প্রদর্শন করা হয়। স্থানীয় শিল্প ও সৃজনশীলতাকে তুলে ধরার এই উদ্যোগও মানুষের নজর কাড়ে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বঙ্গীয় সাহিত্য কলা আকাদেমির যুগ্ম সম্পাদক রাজীব দত্ত। অনুষ্ঠানের প্রশংসা করে তিনি বলেন, “সমগ্র অনুষ্ঠানটি এত সুন্দর ও আত্মীয়তার সঙ্গে হয়েছে যে সত্যিই মন কাড়া এক সুন্দর সন্ধ্যার সকলে সাক্ষী থাকল। ছোট্ট আয়োজনে বৃহত্তর দৃষ্টিকোণ পরিলক্ষিত হয়েছে।” সাহিত্য, সংস্কৃতি ও স্থানীয় মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠান আগামী দিনেও ধারাবাহিকভাবে আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন উদ্যোক্তারা।