উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভায় প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে বারুইপুর মহকুমা শাসকের দফতরে একটি স্মারকলিপি জমা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সোমবার বিজেপির বারুইপুর নগর মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তীর নেতৃত্বে দলের নেতা ও কর্মীরা মহকুমা শাসকের দফতরে উপস্থিত হয়ে এই আবেদন জানান। তাদের মূল দাবি হলো, অবিলম্বে বারুইপুর পুরসভায় প্রশাসক নিয়োগ করা হোক।

বিজেপির অভিযোগ, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই বারুইপুর পুরসভার নাগরিক পরিষেবা ক্রমশ বেহাল হয়ে পড়েছে। সম্প্রতি পুরসভা পরিচালিত বনভোজন উদ্যানে পশু পাচার ও দুর্নীতির মতো চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর থেকে পুরসভার কাউন্সিলররা কার্যত গা ঢাকা দিয়েছেন বলেও দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

তাদের আরও অভিযোগ, ওই ঘটনায় পুলিশও বেশ কয়েক জনের খোঁজ করছে।

জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের তোপ, অনুপস্থিতির কারণে পুরসভার দৈনন্দিন কাজকর্ম ও নাগরিক পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা, বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থা নিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে বারুইপুর পুরসভায় দ্রুত প্রশাসক নিয়োগ করা প্রয়োজন বলে তারা মনে করছে।

দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রশাসক নিয়োগ করা হলে পুরসভার দৈনন্দিন কাজকর্ম সচল রাখার পাশাপাশি নাগরিক পরিষেবাও পুনরায় স্বাভাবিক করা সম্ভব হবে। তবে এ ব্যাপারে বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।