উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: চুরির ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ব্যাটারি চুরি উদ্ধার করে বড়সড় সাফল্য পেলেন বকুলতলা থানার পুলিশ আধিকারিকরা। এই ব্যাটারি চুরি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি আগেও বিভিন্ন চুরির ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছিল।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সোমবার বকুলতলা থানা এলাকার এক ব্যক্তির গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়। চুরি যাওয়া ওই সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।
ঘটনার পরই ভুক্তভোগী গাড়ির মালিক বকুলতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে বকুলতলা থানার পুলিশ। বকুলতলা থানার ওসি শান্তনু বিশ্বাসের প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়।আরও পড়ুন:
তদন্তের খাতিরে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ব্যাটারি চুরি কাণ্ডের সামগ্রীগুলো কুলতলির নলগড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালায়।
এই অভিযানে নলগড়া থেকে মামুদ আলী বৈদ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত মামুদ আলী বৈদ্যের বাড়ি বকুলতলা থানার ১ নম্বর নলগড়া এলাকায়। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি একজন পেশাদার চোর এবং এর আগেও একাধিক চুরির ঘটনায় সে গ্রেফতার হয়েছিল। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে চুরি হওয়া প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ব্যাটারি।আরও পড়ুন:
চুরির ২৪ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করায় বকুলতলা থানার পুলিশের এই সাফল্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ব্যাটারি চুরি কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।