পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবে ঢাকা সফর করলেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন। এই সংক্ষিপ্ত সফরে সোমবার তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানা গিয়েছে।

জানা যায়, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে রবিবার বিকেলে চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে নয়াদিল্লি থেকে ঢাকায় আসেন পরাগ জৈন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি এবং শৈবাল রায় চৌধুরী। দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিদের মধ্যে এ ধরনের সাক্ষাৎ প্রচলিত থাকলেও বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও উভয় দেশের সূত্রগুলো এটিকে একটি রুটিন বা নিয়মিত সফর বলে উল্লেখ করেছে।

এনডিটিভির সূত্র অনুযায়ী, এই সফরে আঞ্চলিক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই বৈঠকের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। সফর শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যায়। ভারতের গোয়েন্দা প্রধান পরাগ জৈন এর এই সফরের পাশাপাশি দুই দেশের শীর্ষ পর্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগের দিন তিনি বিদেশমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গেও বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, পরাগ জৈন ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের একজন আইপিএস কর্মকর্তা, যিনি ২০২৫ সালের জুলাই মাসে র-এর প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি একইসঙ্গে ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরের ঠিক আগেই তিনি চিনেও সফর করেছেন। অন্যদিকে, ডিজিএফআই হলো বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা, যা জাতীয় নিরাপত্তা, কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সন্ত্রাসবাদ বিরোধী কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিযুক্ত।