পুবের কলম ওয়েব ডেস্ক: ছেঁড়া-ফাটা কাগজের নোটের দিন এবার শেষ হতে চলেছে। দেশে খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ১০ ও ২০ টাকার পলিমার বা প্লাস্টিকের নোট। মঙ্গলবার সংসদে রিজার্ভ ব্যাঙ্কের পাঠানো এই সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। আপাতত পরীক্ষামূলকভাবে ১০০ কোটি ১০ টাকার এবং ১০০ কোটি ২০ টাকার পলিমার নোট বাজারে ছাড়া হবে।
এই পরীক্ষা সফল হলে নিয়মিতভাবে প্লাস্টিকের নোট ছাপানো হবে।আরও পড়ুন:
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, সরকারের তরফে রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাবে সম্মতি দেওয়া হলেও, বর্তমানের কাগজের নোটগুলোও আগের মতোই বাজারে চলবে। পুরো প্রক্রিয়াটি একেবারে প্রাথমিক পর্যায়ে থাকায় এই মুহূর্তে নোট তৈরির খরচের হিসাব নির্দিষ্ট করে বলা কঠিন। তবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কাগজের তুলনায় পলিমার নোট সহজে নষ্ট হয় না এবং তা প্রায় চার গুণ বেশি টেকসই।
ফলে দীর্ঘমেয়াদে রিজার্ভ ব্যাঙ্কের নোট তৈরির খরচ অনেকটাই কমবে।আরও পড়ুন:
ইতিমধ্যেই নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডার ডাকা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন ও অন্যান্য প্রক্রিয়া নির্ধারিত সূচি মেনে সম্পন্ন হলে আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোট বাজারে ছাড়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যেহেতু দৈনন্দিন লেনদেনে ১০ ও ২০ টাকার নোট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই প্রাথমিক ধাপে এই দুটি নোটকেই পরীক্ষামূলকভাবে বেছে নেওয়া হয়েছে। এই প্রয়োগ সফল হলে ভবিষ্যতে প্লাস্টিকের নোটের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।