পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ তিরঙ্গা পতাকাকেই বেছে নিলেন। এছাড়া প্রথমে তিরঙ্গা না পেয়ে তিনি নিজের ক্রোধও ব্যক্ত করেন। ঘটনাটি দক্ষিণ ভারতের পুদুচেরির (পন্ডিচেরি)। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগে রাষ্ট্রীয় ধ্বজ বা জাতীয় পতাকা নিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার আয়োজন করেছে বিজেপি ও সংঘ পরিবারের সংগঠনগুলি। গৃহমন্ত্রী অমিত শাহ তাঁর পুদুচেরি সফরে এই ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার একটি অনুষ্ঠানে অংশ নেন।

কথা ছিল, তিনি নিজে তিরঙ্গা পতাকা অর্থাৎ জাতীয় পতাকা-সহ সেখানে উপস্থিত বিজেপির দলটিকে রওয়ানা করাবেন। কিন্তু তিনি অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর পর পুদুচেরির এক মন্ত্রী তাঁর হাতে ভগওয়া বা গেরুয়া পতাকা তুলে দেন। উল্লেখ্য, কেন্দ্রীয় শাসিত পুদুচেরিতে রয়েছে বিজেপির জোট সরকার। গেরুয়া ঝান্ডা দেখেই গৃহমন্ত্রী অমিত শাহ বলে ওঠেন, ‘তিরঙ্গা ঝান্ডা কাঁহা হ্যায়, মুঝে ও চাহিয়ে’। গৃহমন্ত্রী ক্ষুব্ধ হয়েছেন দেখে মঞ্চে খানিকটা হুড়োহুড়ি পড়ে যায়।
যেমন তেমন করে একটি তিরঙ্গা ঝান্ডা জোগাড় করা হয়। এই তিরঙ্গা ঝান্ডা উড়িয়ে অমিত শাহ উপস্থিত দলটিকে যাত্রায় রওয়ানা করে দেন। কিন্তু পুদুচেরির মন্ত্রীর প্রতি অমিত শাহের নারাজগী স্পষ্ট দেখা যাচ্ছিল। ঘটনাটি ভিডিয়ো করে ইউটিউবাররা প্রচার করলে তা ভাইরাল হয়ে যায়। আসলে আরএসএস ও অনেক বিজেপি কর্মী, সমর্থকরা গেরুয়া ঝান্ডাতে অভ্যস্ত। তাই তারা হয়তো ভেবেছিলেন, গেরুয়া ঝান্ডা দেখিয়েই গৃহমন্ত্রী অমিত শাহ ওই দলটিকে রওয়ানা করবেন। অমিত শাহ কিন্তু তিরঙ্গা পতাকাকেই বেছে নিলেন এবং জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করলেন।