পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিনের দাবি মেনে রাজ্যের প্রাক্তন বিধায়কদের পেনশন প্রায় দ্বিগুণ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাক্তন বিধায়কদের ন্যূনতম পেনশন বেড়ে হতে চলেছে ১২ হাজার টাকা এবং সর্বোচ্চ পরিমাণ দাঁড়াবে ২৫ হাজার টাকায়। এর পাশাপাশি মাসিক ৬ হাজার টাকা চিকিৎসা ভাতাও আগের মতোই বহাল থাকবে। এছাড়া অন্যান্য কিছু সুযোগ-সুবিধাও বৃদ্ধির বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য।

মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা উত্তরাখণ্ডের মতো রাজ্যে প্রাক্তন বিধায়কেরা যেখানে ৪০ থেকে ৭৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকেন, সেখানে বাংলায় এই অঙ্কটা ছিল মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। নামমাত্র এই অর্থে সংসার চালাতে গিয়ে চরম সংকটে পড়তেন অনেক প্রাক্তন জনপ্রতিনিধি। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে প্রাক্তন বিধায়করা বারবার পেনশন বৃদ্ধির দাবি জানালেও তাতে কর্ণপাত করা হয়নি। সেসময় বিরোধী দলনেতা হিসেবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বিষয়টি বিবেচনার অনুরোধ করেছিলেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রাক্তন বিধায়করা নতুন মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের কাছে ফের দ্বারস্থ হন। বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই নিয়ে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন, যার ভিত্তিতেই এই ইতিবাচক সিদ্ধান্ত।

রাজ্যের পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বরাবরই প্রাক্তন বিধায়কদের এই সমস্যার বিষয়ে যথেষ্ট সংবেদনশীল। তাঁর নির্দেশেই বেতন বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই পরিষদীয় দপ্তর থেকে অর্থ দপ্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে। যেহেতু পুরো প্রক্রিয়াটি একটি আইনি বিষয়, তাই আগামী দিনে রাজ্য সরকার বিধানসভায় এই সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করবে।