পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়ায় এবার বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের যাবতীয় নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে পরিচালিত হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএসসি-সহ বিভিন্ন নিয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সঙ্গে আটকে থাকা পরীক্ষাগুলোর ফল প্রকাশ ও সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
বর্তমানে পিএসসির কাছে রাজ্যের ৫৪টি দপ্তর থেকে নিয়োগের রিকুইজিশন এসে পৌঁছেছে। এর মধ্যে গ্রুপ-এ পদে ২ হাজার ৪৯০টি, গ্রুপ-বি পদে ২ হাজার ৮৪৮টি এবং গ্রুপ-সি পদে ১২ হাজার ৩৭৬টি শূন্যপদ পূরণের জোর প্রস্তুতি চলছে। পাশাপাশি, বিভিন্ন পর্যায়ের পরীক্ষায় অংশ নেওয়া ১২ লক্ষ ৬৫ হাজার প্রার্থীর আটকে থাকা ফলাফলও দ্রুত প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, খুব শিগগিরই বিভিন্ন দপ্তরে আরও ৮ হাজার ৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পিএসসি।
এই নতুন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীরা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বর্ধিত বয়সের ছাড়ের সুবিধাও পাবেন।ওবিসি সংরক্ষণ তালিকা সংক্রান্ত বিষয়ে সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, এর জন্য কোনও নিয়োগ পরীক্ষা পিছোবে না। নির্ধারিত সূচি মেনেই সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংরক্ষিত পদে কোনও পরিবর্তন এলে তা ফল প্রকাশের সময় কার্যকর করা হবে। নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও দ্রুত করতে পিএসসি ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পিএসসি-কে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, ফলে এখানে দুর্নীতির আর কোনও সুযোগ থাকবে না।