পশ্চিমবঙ্গের এসআইআর-এ ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে মামলায় ট্রাইবুনালের ধীরগতি নিয়ে নির্বাচন কমিশনকে কড়া প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানতে চেয়েছে, এখনও পর্যন্ত কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে।
কমিশনের আইনজীবী বিস্তারিত তথ্য দিতে না পারায় প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘এভাবে চললে তো নিষ্পত্তি হতে পরের ভোট চলে আসবে।’
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের নির্দেশে বাদ পড়া ভোটারদের আবেদন নিষ্পত্তির জন্য কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ২০টি ট্রাইবুনাল গঠন করেছেন। তবে ট্রাইবুনালের ধীরগতিতে উদ্বেগ প্রকাশ করেছে আদালত।
আগামী ২৫ আগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগেই কতগুলি আবেদন নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য আদালতে জমা দিতে হবে নির্বাচন কমিশনকে।আরও পড়ুন:
মামলাকারী অধীররঞ্জন চৌধুরীর দাবি, এসআইআরের কারণে ৩৪ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। নির্বাচন কমিশনের হিসাবে সংখ্যাটি ২৭ লক্ষ। তাঁর আইনজীবীর অভিযোগ, ট্রাইবুনালে মামলা চলার কারণে অনেক পরিবার সরকারি সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে। তবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, সামাজিক সুবিধা বন্ধ হয়েছে কি না, তা হাই কোর্টের বিবেচ্য; আপাতত তাদের মূল নজর ট্রাইবুনালে দ্রুত আবেদনের নিষ্পত্তির দিকে।