বাঁকুড়ায় প্রশাসনিক সভা থেকে জমি কেনাবেচা এবং ধর্ম পরিবর্তন নিয়ে নতুন আইন আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় জমি দখল ও জনবিন্যাস পরিবর্তনের মতো সমস্যার মোকাবিলায় রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করছে।
সভায় শুভেন্দু বলেন, “আর দুটো কাজ আমার বাকি। ধর্ম পরিবর্তন আর জমি কেনাবেচার ক্ষেত্রে আইন আনা।

এ কাজও আমি করছি।” তবে জমি কেনাবেচা নিয়ন্ত্রণে কী ধরনের আইন আনা হবে, তার বিস্তারিত জানাননি তিনি।

অসমে ইতিমধ্যেই ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি কেনাবেচার ক্ষেত্রে সরকারি অনুমতির বিধান রয়েছে। জমি ক্রেতার আয়ের উৎস এবং ওই লেনদেনের ফলে স্থানীয় সামাজিক সম্প্রীতির উপর কোনও প্রভাব পড়বে কি না, সেগুলিও বিবেচনা করা হয়।

ওড়িশাতেও জমি কেনাবেচা নিয়ে কিছু ক্ষেত্রে কড়া বিধিনিষেধ রয়েছে।

শুভেন্দুর ঘোষণার পর প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গ সরকারও কি অসমের আদলে ভিন্নধর্মের মধ্যে জমি বিক্রির ক্ষেত্রে সরকারি অনুমতির মতো ব্যবস্থা চালু করবে? তবে এখনও এ বিষয়ে কোনও নির্দিষ্ট খসড়া, নিয়ম বা সময়সীমা ঘোষণা করা হয়নি।

মুখ্যমন্ত্রী একই সঙ্গে জানান, তাঁর সরকার সীমান্ত নিরাপত্তা, ওয়াকফ-সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ করেছে এবং ভবিষ্যতে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) আনার পরিকল্পনাও রয়েছে। জমি কেনাবেচা সংক্রান্ত প্রস্তাবিত আইনটি বাস্তবে কী রূপ নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।