পুবের কলম ওয়েব ডেস্ক:ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক তৎপরতা বর্তমানে তুঙ্গে উঠেছে। ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক সারার পর তড়িঘড়ি দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। জানা গিয়েছে, ঢাকায় আয়োজিত ওই বৈঠকে তারেক রহমান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের কাছে আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন:
ঢাকার ওই বৈঠকের পর মঙ্গলবার রাতেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সরকারিভাবে তাঁদের এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।
তবে রাজনৈতিক ও কূটনৈতিক মহলের ধারণা, ঢাকায় তারেক রহমানের সঙ্গে আলোচনার সূত্র ধরেই দিল্লিতে এই তড়িঘড়ি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এই মুহূর্তে নেপথ্যে জোরদার তৎপরতা চলছে বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
কূটনৈতিক স্তরের এই তৎপরতার পাশাপাশি দুই দেশের নিরাপত্তা ও গোয়েন্দা স্তরেও যোগাযোগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সদ্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন চার সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা সফর করে গিয়েছেন। সেখানে তাঁরা বাংলাদেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে গভীর আলোচনা করেন। সব মিলিয়ে, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে কূটনৈতিক ও নিরাপত্তা উভয় স্তরেই আলোচনা যে বেশ সক্রিয় হয়ে উঠেছে, তা এই জোড়া ঘটনা থেকেই স্পষ্ট।