পুবের কলম, ওয়েবডেস্ক: কার্যক্রম শুরুর মাত্র দুই মাসের মাথায় মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর টার্মিনালের সঙ্গে পার্কিং এলাকা সংযোগকারী রাস্তায় জল জমে থাকার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া এই সাময়িক জলজট মাত্র ৩০ মিনিটের মধ্যেই পরিষ্কার করে দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের অবকাঠামোগত উন্নয়নকে কটাক্ষ করে সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রশ্ন তুলেছেন, "বিমানবন্দরে কি এবার নৌকা চলবে?" এক্স-এ একটি ভিডিও শেয়ার করে বিজেপি সরকারের উন্নয়ন নিয়ে খোঁচা দেন আখিলেশ যাদব।
সমালোচনার জবাবে উত্তর প্রদেশ সরকার এক বিবৃতিতে জানায়, আকস্মিক এবং অত্যধিক ভারী বৃষ্টিপাতের কারণে সাময়িকভাবে জল জমেছিল। খবর পাওয়ার সাথে সাথেই বিমানবন্দরের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ শুরু করেন এবং ৩০ মিনিটের মধ্যে সমস্ত জল নিষ্কাশন করে রুটটিকে সম্পূর্ণ স্বাভাবিক করেন। উল্লেখ্য, উত্তর প্রদেশ সরকারের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের অধীনে নির্মিত এই গ্রিনফিল্ড বিমানবন্দরটি 'জেওয়ার বিমানবন্দর' নামেও পরিচিত।