পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাপ্তবয়স্ক সন্তানরা সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি এবং তারা কখনোই মা-বাবার নিজস্ব 'সম্পত্তি' হতে পারে না—এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়ে দিল বম্বে হাইকোর্ট। নিজের ইচ্ছায় জীবনসঙ্গী বেছে নেওয়া এক প্রাপ্তবয়স্ক কন্যার ওপর মা-বাবার অধিকার ও কাস্টডি দাবি খারিজ করে আদালত এই রায় দিয়েছে। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ নির্দেশ দিয়েছে, কোনো প্রাপ্তবয়স্ক নারী যদি নিজের স্বাধীন ইচ্ছায় জীবনসঙ্গী নির্বাচন করেন, তবে তাকে মা-বাবার হেফাজতে ফিরিয়ে দেওয়ার জন্য 'হেবিয়াস কর্পাস' আবেদন দায়ের করা যাবে না।
মামলার বিবরণী থেকে জানা যায়, নাগপুরের এক তরুণী ১৭ বছর বয়সে টিউশন ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান।
সুপ্রিম কোর্টের একাধিক পর্যবেক্ষণ তুলে ধরে হাইকোর্ট জানায়, সন্তান বা সন্তানের হেফাজত সংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের অধিকারের চেয়ে সন্তানের কল্যাণ ও ইচ্ছাকেই সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। হাইকোর্টের নাগপুর বেঞ্চ স্পষ্ট করে দেয়, হেবিয়াস কর্পাস আবেদন সফল হতে হলে প্রথমে বেআইনি আটক প্রমাণ করা জরুরি। যেহেতু এই মামলায় তরুণীকে জোর করে বা বেআইনিভাবে আটকে রাখার কোনো প্রমাণ মেলেনি, ফলে আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয়।