পুবের কলম ওয়েব ডেস্ক: বঙ্গের আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে। এর জেরে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলির আকাশ ঘন কালো মেঘে ঢাকা রয়েছে, বেশ কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার ভোরে উপকূলের অদূরে অবস্থান করা এই ঘূর্ণাবর্তটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী ১৫ অগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবস পর্যন্ত বজায় থাকতে পারে।

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ১১ থেকে ১৪ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ ৯৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশের আশেপাশে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির এই প্রবল ভ্রুকুটি থাকলেও, আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দপ্তর।