পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা একধাপে অনেকটাই বাড়াল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় এই নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগে প্রাক্তন বিধায়করা চিকিৎসা খরচ বাবদ মাসে ৬ হাজার টাকা করে পেতেন। এখন থেকে সেই ভাতা আরও ৪ হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। চলতি আগস্ট মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।

তবে এর জন্য আগামী অধিবেশনে একটি আইন আনতে হবে।

 আইন পাশ হওয়ার পর প্রাক্তন বিধায়করা বকেয়া টাকা একসঙ্গে পেয়ে যাবেন।
এই ভাতা বৃদ্ধির কারণ হিসেবে মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকার প্রাক্তন বিধায়কদের কোনওরকম আর্থিক সুরক্ষা দেয়নি। অথচ অনেক বিধায়ক অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের মেয়াদ শেষ করেছেন এবং বর্তমানে একেবারে সাধারণ জীবনযাপন করছেন। উদাহরণ হিসেবে তিনি মহিষাদলের বিধায়ক দীনবন্ধু বাবু এবং সুভাষ নস্করের কথা উল্লেখ করেন।

তিনি জানান, দীনবন্ধু বাবু আজও সাইকেল চালিয়ে বাজার করেন এবং সুভাষ নস্কর রেলওয়ে স্টেশনে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, পাশের বাজারে গিয়ে বাজার করেন। তাঁদের মতো সৎ মানুষদের অবস্থার কথা মাথায় রেখেই চিকিৎসা ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন বিধানসভায় চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবেশী রাজ্য অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অসমে বন্যায় ইতিমধ্যেই প্রায় একশো জন মানুষের মৃত্যু হয়েছে। এই বিপর্যয়ের দিনে অসমের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী তাঁর নিজস্ব ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা আর্থিক সাহায্যের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, দ্রুত এই ত্রাণের টাকা অসমের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।