পুবের কলম ওয়েব ডেস্ক:৮০তম স্বাধীনতা দিবসে রাজ্যে ফের পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতারির ঘটনা ঘটল। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের দিনহাটা থেকে তিন যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত থাকার গভীর সন্দেহ রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রশিদুল, নাসিরুদ্দিন এবং সফিকুল নামের ওই তিন জনকে ধরা হয়।
ধৃতদের মধ্যে এক জনের বাড়ি বিহারের কিসানগঞ্জে এবং বাকি দু'জন স্থানীয় বাসিন্দা। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে বেশ কিছু ভারতীয় সিম কার্ড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ হয়ে পাকিস্তানে জাল নোট পাচারের সঙ্গেও এদের যুক্ত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। শনিবার ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য দিনহাটা আদালতে পেশ করে পুলিশ। বিচারক ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সীমান্তঘেঁষা দিনহাটায় এই গ্রেফতারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক যুবক কর্নাটকে গ্রেফতার হয়েছেন। ওই গ্রেফতারির সূত্র ধরেই বর্তমানে কর্নাটক পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ যৌথভাবে বসিরহাট এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, এর আগেও নয়ারহাট এলাকা থেকে এনআইএ-র তল্লাশিতে আইএসআই চর সন্দেহে তিন জন ধরা পড়েছিল। এছাড়া সম্প্রতি গত কয়েক দিনের ব্যবধানে বর্ধমান, হাবড়া এবং কলকাতার তপসিয়া এলাকাতেও একই অভিযোগে মোট তিন জনকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।