পুবের কলম ওয়েব ডেস্ক: গত বছরের নভেম্বরে দিল্লির লালকেল্লার কাছে হওয়া ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে আল কায়দার উপমহাদেশীয় শাখার (একিউআইএস) হাত রয়েছে বলে জানাল রাষ্ট্রপুঞ্জ। ভারতের তরফ থেকেও আগেই এই একই দাবি করা হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রকাশিত সাম্প্রতিক একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এই জঙ্গি গোষ্ঠীটি এখন ছোট ছোট শাখার মাধ্যমে নিজেদের লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছে এবং বাংলাদেশেও তারা নিজেদের সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

গত বছরের ১০ নভেম্বর সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি গাড়িতে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৪০ ফুট নীচের মেট্রো স্টেশনও কেঁপে ওঠে।

এই মর্মান্তিক ঘটনায় ১৩ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। গত মে মাসে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দিয়ে জানায়, আল কায়দার সহযোগী সংগঠন আনসার-উল-হিন্দ এই হামলা চালিয়েছিল। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও এবার সেই একই তথ্যের উপর সিলমোহর পড়ল।

এর পাশাপাশি ওই রিপোর্টে রাসায়নিক ও জৈব অস্ত্র তৈরির বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরেই গুজরাটের আহমেদাবাদ থেকে চিকিৎসক-সহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়, যারা আইএস-এর নির্দেশে প্রাণঘাতী রাসায়নিক 'রাইসিন' তৈরির চেষ্টা করছিল। আন্তর্জাতিক নজরদারি সংস্থার দাবি, আল কায়দা এবং আইএস-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরেই এমন মারণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে প্রযুক্তিগত বাধার কারণে তারা এখনও পুরোপুরি সফল হতে পারেনি।