পুবের কলম, বেঙ্গালুরু: জনস্বাস্থ্য রক্ষা এবং তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক বড় সিদ্ধান্ত গ্রহণ করল কর্নাটক সরকার। রাজ্যজুড়ে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মসলা তৈরি, মজুত, পরিবহন, বিক্রি ও বণ্টনের ওপর এক বছরের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন কর্তৃক জারিকৃত এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১০ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামাক ও নিকোটিনযুক্ত গুটখা ও পান মসলা প্যাকেটজাত অবস্থাতেই থাক কিংবা আলাদাভাবে বিক্রি করা হোক— সর্বক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

নিষিদ্ধ পণ্য যাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট, পরিবহন, গুদামজাতকরণ বা খুচরা দোকানের মাধ্যমে বাজারে প্রবেশ করতে না পারে, সে জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
 
নিম্নমানের খাদ্যপণ্য এবং খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগ সম্প্রতি অভিযান জোরদার করেছে। রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা আধিকারিকরা সমস্ত দোকান, গুদাম, উৎপাদন কেন্দ্র এবং সন্দেহভাজন স্থানগুলিতে টানা নজরদারি চালাচ্ছেন। আইন অমান্য করে কেউ যদি এই নিষিদ্ধ পণ্য প্রস্তুত, মজুত, পরিবহন কিংবা বিক্রি করে, তবে তার বিরুদ্ধে প্রচলিত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছেন আধিকারিকরা।