পুবের কলম ওয়েব ডেস্ক: অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তারা আগামী ১৭ অগস্ট থেকে মাসিক ৩ হাজার টাকা করে পেতে শুরু করবেন। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আবেদনপত্র যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। যাঁদের ভেরিফিকেশন সম্পূর্ণ হবে, তাঁরা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছে রাজ্য সরকার।

কেবলমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারাই এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। তবে আবেদনকারীর মাসিক আয় ১০ হাজার টাকা বা পারিবারিক বার্ষিক আয় ১২ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না। পাশাপাশি, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি, আধা-সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে স্থায়ী চাকরি করলে আবেদন করা যাবে না। তবে ঠিকা শ্রমিকদের পরিবারের সদস্যেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। জমির ক্ষেত্রেও কড়া নিয়ম থাকছে।
সাতটি পুরনিগম এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে এই টাকা মিলবে না। যদিও গ্রামীণ এলাকার ক্ষেত্রে জমি এবং তিন কামরার বাড়ির শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন যে, যাঁরা বর্তমানে তিন হাজার টাকার কম ভাতা পান (যেমন বিধবা ভাতা), তাঁরা এখন থেকে কেবল অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকাই পাবেন। তবে বিশেষ ছাড় থাকছে দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিসান নিধি যোজনার উপভোক্তাদের জন্য; তাঁরা দু'টি সুবিধাই একসঙ্গে পাবেন। কেউ যোগ্য হয়েও টাকা না পেলে অভিযোগ জানানোর জন্য দ্রুত একটি বিশেষ পোর্টাল চালু করা হবে, যার দেখভালের দায়িত্বে থাকবেন বিডিওরা। গত জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং আগামী দিনে যাচাই পর্ব শেষে এই সংখ্যা আরও বাড়বে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।