পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ পোড়া নোট উদ্ধারের ঘটনায় এবার তদন্ত রিপোর্ট পেশ করল লোকসভা গঠিত বিশেষ কমিটি। রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, ওই টাকার উৎস সম্পর্কে বিচারপতি কোনও সন্তোষজনক বা যুক্তিযুক্ত উত্তর দিতে পারেননি। পাশাপাশি, গোটা তদন্ত প্রক্রিয়াটিতেও একাধিক বড়সড় গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
গত বছরের ১৪ মার্চ প্রাক্তন এই বিচারপতির দিল্লির বাংলোতে আগুন লাগে।
সেই আগুন নেভাতে গিয়েই স্টোররুম থেকে বান্ডিল বান্ডিল ৫০০ টাকার পোড়া নোট উদ্ধার হয়। দেশজুড়ে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালে বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে তিন সদস্যের একটি ইন-হাউস কমিটি তদন্ত শুরু করে এবং ওই বছরেরই ৩ মে একটি মুখবন্ধ রিপোর্ট জমা দেয়। পরবর্তীতে সংসদে তাঁর বিরুদ্ধে অপসারণের প্রস্তাব উঠলে লোকসভার তরফে এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।আরও পড়ুন:
লোকসভার কমিটির রিপোর্ট অনুযায়ী, টাকার উৎস ব্যাখ্যার পাশাপাশি রাতারাতি বেশ কিছু নোট উধাও হয়ে যাওয়ার বিষয়েও কোনও সদুত্তর দিতে পারেননি যশবন্ত বর্মা। এমনকি, প্রামাণ্য তথ্য সংরক্ষণেও চূড়ান্ত গাফিলতি হয়েছে বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় প্রাক্তন বিচারপতিকে দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। রিপোর্টের ভিত্তিতে লোকসভা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, তবে এর আগেই তিনি নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন।